সারাদেশ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪
দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন চারজন। নিহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে, যেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী ও দুই পুরুষ। তাদের কারোই নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল জানান, এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।