সারাদেশ
ইলিশ চলাচলের রাস্তাগুলো ভরাট, জাটকা নিধনে ধ্বংস হচ্ছে ইলিশ: ফরিদা আখতার
ইলিশের চলাচলের প্রাকৃতিক পথ ভরাট হয়ে যাওয়ায় এবং জাটকা নিধনের কারণে এবার ইলিশের উৎপাদন কমে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, “জাটকা ধরতে গিয়েই তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে। নদীর পথগুলো ভরাট হয়ে যাওয়ায় ইলিশ চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।”
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গামন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, “গত বছর আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, যার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা সম্ভব হয়েছিল। এবার আরও কড়াকড়ি আরোপ করা হবে। পুলিশ, নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীও ড্রোন ব্যবহার করে নজরদারি করবে।”
কারেন্ট জাল ও চায়না জাল ইলিশ নিধনের প্রধান কারণ উল্লেখ করে ফরিদা আখতার বলেন, “এই অবৈধ জাল ব্যবহারের কারণে এবার আমরা বেশি সতর্ক থাকব। আশা করছি, আরও বেশি ইলিশ রক্ষা করতে পারব।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দীপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।