সারাদেশ

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত একই পরিবারের ৩ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত একই পরিবারের ৩ জন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে দ্রুতগতির ডাম্প ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন সদস্য।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে- নরসিংদীর মনোহরদী উপজেলার সুকুন্ধি এলাকার বাসিন্দা অলিউল্লাহ (৪০)। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহত তিনজন হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) ও তাদের চার বছর বয়সী ছেলে তামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা টঙ্গী থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। আহত তিনজনকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, “দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।