সারাদেশ
মহাসড়কে গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গেছে। যদিও এ ঘটনার সত্যতা এখনো নিশ্চিত হয়নি, তবে ভিডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মহাসড়কের পাশে একটি প্রাইভেটকারে একদল ডাকাত দেশীয় অস্ত্র হাতে হামলা চালাচ্ছে। গাড়ির দুই যাত্রী সাহায্যের জন্য অন্য গাড়ির আরোহীদের দিকে হাত উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। এমন সময় এক ডাকাত রামদা দিয়ে তাদের আঘাত করে। তবে আশ্চর্যের বিষয় হলো, আশপাশের অন্য গাড়িগুলো ঘটনাটি দেখে না থেমে চলে যায়, কোন সহায়তা বা প্রতিবাদ করা হয়নি।
ভিডিওটি এক গাড়ি থেকে ধারণ করা হয়, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে, তবে এর আগে এমন ধরনের ঘটনা কোথাও ঘটেছে কিনা, তা এখনও জানা যায়নি।