সারাদেশ
টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ
টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন বোন নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং তাদের খালাতো বোন মনিরুজ্জামানের মেয়ে মনিরা আক্তার (১১), পঞ্চম শ্রেণির ছাত্রী।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার এক খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে তারা আসে। শনিবার দুপুরে পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে তারা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।