সারাদেশ
নরসিংদীতে সড়কে চাঁদাবাজি থামাতে গিয়ে হামলার শিকার অতিরিক্ত পুলিশ সুপার
নরসিংদীতে যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক দুজনকে ছিনিয়ে নিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং–সংলগ্ন মোড়ে এ হামলা হয়।
আহত পুলিশ কর্মকর্তা নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় পুলিশ দুজনকে আটক করে। এ সময় ৩০–৩৫ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়। হামলায় এএসপি আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, এএসপি আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ভর্তি হতে বলা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমার ওপর অতর্কিতে হামলা চালানো হয়। একপর্যায়ে লাঠি দিয়ে মাথায়ও আঘাত করা হয়।’
এ বিষয়ে নরসিংদী পৌরসভার সিএনজি ও অটোস্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন দাবি করেন, তিনি পৌরসভা থেকে বৈধভাবে ইজারা নিয়েছেন। তবে চলন্ত যানবাহন থেকে টাকা তোলার অভিযোগ অস্বীকার করে তিনি হামলার ঘটনাকে "ভিত্তিহীন" বলেছেন।
নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, ইজারার আওতায় কেবল নির্ধারিত স্ট্যান্ড থেকে টাকা তোলার সুযোগ আছে, সড়কে চলাচলরত যান থেকে কোনোভাবেই টাকা তোলা বৈধ নয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।