সারাদেশ

নরসিংদীতে পুলিশ কর্মকর্তার উপর হামলায় থানায় মামলা, গ্রেফতার ৭


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম

নরসিংদীতে পুলিশ কর্মকর্তার উপর হামলায় থানায় মামলা, গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরের আরশিনগর এলাকায় সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে অভিযান চালানোর সময় অতিরিক্ত পুলিশ সুপার (এডি. এসপি) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশের দাবি, হামলার পর দ্রুত অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের দিকে শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল শহরের আরশিনগর এলাকায় সাধারণ সড়কপথে তল্লাশি চালাচ্ছিল। এসময় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে নগদ টাকা তুলছিলেন। বিষয়টি জানতে চাইলে পুলিশ তাদের জানায়, সড়কে চাঁদা তোলা হাইকোর্টের নিষেধাজ্ঞা সাপেক্ষে অবৈধ। পরে দুইজনকে আটক করলে হঠাৎ করে ৩০–৩৫ জন লোক অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেন। গুরুতর আহত অবস্থায় শামীম আনোয়ারকে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে এবং বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, সম্প্রতি নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন মহলের চাপ এবং হুমকির মুখে ছিলেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওপর হামলার আশঙ্কার কথাও তিনি প্রকাশ করেছিলেন।