সারাদেশ
টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সাতজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গ্রামীণ চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনা ঘটেছে সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান এলাকায়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংঘর্ষের সূত্রপাত হয় একটি গাছ থেকে ডাব পাড়ার সময়। শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮) দুজনের মধ্যে গাছে কে উঠবে তা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উভয় গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”