সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই দ্বন্দ্বের জেরেই তারা আত্মহত্যা করেছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন। তিনি জানান, নিহত দম্পতির সাফরান হাসান নূর নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এসআই সোহেল আরও বলেন, “প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।”

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”