সারাদেশ
মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না: আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন- বাংলাদেশের মানুষ পিআর বুঝে না। আমরাও বুঝি না। আমরা স্পষ্ট বলছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না। আমরা পিআর আগামী নির্বাচনের জন্য অবশ্যই বিশ্বাস করি না। কারণ এই পিআর পদ্ধতি নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে। বাংলাদেশের পদ্ধতিকে তৈরি করতে সময় লাগবে।
তিনি আরও বলেন, আগামী সংসদ ছাড়া এই পিআর পদ্ধতি কীভাবে আমরা সংসদের সংবিধানে অন্তর্ভুক্ত করব। এটা তো রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে। বিশ্বের যে দেশগুলোতে পিআর আছে, প্রত্যেকটি দেশেই খুবই অল্পসংখ্যক দেশে আছে। যে দেশগুলোতে খুবই অস্তিত্বশীল অবস্থা বিরাজ করছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আহমেদ আযম খান বলেন- যারা পিআর সম্পর্কে ঐক্যমত পোষণ করছে, তারা জাতির স্বার্থে প্রতারণা করছে। তারা একদিকে পিআরের সাথে ঐক্যমত পোষণ করে। আরেক দিকে নমিনেশন দিয়ে আবার জনগণের কাছে ভোট চাওয়া শুরু করে। তাহলে কোনটা তাদের সত্যি। সত্যি হলো তাদের প্রতারণা জাতির সাথে। কাজেই স্পষ্ট বলতে চাই- এই প্রতারণা বাদ দিয়ে জাতির কাছে আসুন। জাতির সামনে নিজেদের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরুন। জাতি যদি ভোট দেয় তাহলে আপনারা সংসদে বসবেন। সামনের নির্বাচনে পিআরকে নিয়ে আন্দোলন করে লাভ হবে না। জনগণ ও রাজনৈতিক দলগুলো পিআরের জন্য প্রস্তুত নয়।
এ সময় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান প্রমুখ।