সারাদেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে।

রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত হানিফ বাগেরহাট জেলার খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান হিসেবে কাজ করতেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন। কারা এই পিটুনিতে জড়িত তা নিশ্চিত করতে কাজ চলছে, এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, বিকেলের দিকে খানপুর এলাকার অভি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে হানিফের বোন ও তাকে (ইব্রাহিম) আটকে রাখে। তারা বারবার হানিফের অবস্থান জানতে চায়। পরে বিকেলে হানিফকে পেয়ে তারা ইব্রাহিম ও হানিফের বোনকে ছেড়ে দেয়, কিন্তু হানিফকে আটক করে বেধড়ক মারধর শুরু করে।

ইব্রাহিম বলেন, “তারা হানিফকে নির্মমভাবে পেটায়। একপর্যায়ে সে জ্ঞান হারালে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে ধর্ষণ ও ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল হানিফকে। তবে ঘটনার আগে বা পরে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ থানায় করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ওসি নাসির উদ্দিন বলেন, “মামলার প্রাথমিক তদন্ত চলছে। নিহতের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং পিটুনিতে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”