সারাদেশ
নরসিংদীতে বাসচাপায় ৩ বন্ধুর মৃত্যু, একসাথেই হবে দাফন
খাবার কিনতে বের হয়ে আর বাড়ি ফেরেনি নরসিংদীর তিন বন্ধু। ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় বৃহস্পতিবার রাতে তারা প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনভর কাজ শেষে রাতে আড্ডা দিয়ে খাবার কিনতে বের হয়েছিলেন তিন বন্ধু। রাইনাদী এলাকা থেকে মাধবদী ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি ঢাকা-সিলেটগামী বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকায় নেওয়া হলে আরও দুই যুবক মারা যান।
নিহতরা নরসিংদীর শেখেরচর ও নারায়ণগঞ্জের বান্ডি বাজারের কাপড় দোকানের কর্মচারী ছিলেন। ফাহিম কাপড়ের দোকানের পাশাপাশি মাধবদী শহরে ইজিবাইক চালিয়ে বাড়তি আয় করতেন। এলাকার মানুষ তিনজনকেই নম্র, ভদ্র ও পরিশ্রমী হিসেবে জানতেন। তাদের আকস্মিক মৃত্যুর কারণে স্থানীয়রা শোকাহত, পরিবারগুলো দিশাহারা।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “দ্রুতগতির বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।”
নিহত তিন বন্ধুকে শুক্রবার আসর নামাজের পর রাইনাদী মহল্লার সামাজিক কবরস্থানে একসাথে দাফন করা হবে।