সারাদেশ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭২৬ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭২৬ জন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৪১ জন রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দু’টি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন স্থানে অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র জানায়, অভিযানে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অংশ নেয়।