সারাদেশ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতিসহ ৫৯ নেতার পদত্যাগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতিসহ ৫৯ নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত

যুবলীগ নেতা ও এনসিপি (ন্যাশনাল পিপলস পার্টি) নেতাদের পদ দেওয়া এবং বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৫৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার। এর আগে রোববার তিনি এবং কমিটির অন্যান্য নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সভাপতি আল-আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামের নেতৃত্বাধীন ওই কমিটির ৫৯ জন সদস্য সিদ্ধান্তহীনতা, পক্ষপাত ও অবিচারের অভিযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনের সময় দলের মূলনীতি, ত্যাগ, যোগ্যতা ও মাঠপর্যায়ের কর্মীদের অবদান কোনোভাবে বিবেচনা করা হয়নি। বরং ব্যক্তিকেন্দ্রিকতা, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

তারা আরও বলেন, “আমরা সবসময় দলের আদর্শে বিশ্বাসী। তবে যে কমিটিতে ন্যায়বিচার ও আস্থার অভাব রয়েছে, সেখানে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও গণমানুষের রাজনীতিতে আমাদের বিশ্বাস অটুট থাকবে।”

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী জেলা সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “নতুন কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে আমাদের দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এর ফলে সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা ৫৯ জন সদস্য পদত্যাগ করেছি।”

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলার ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার মাত্র তিন দিনের মাথায় এর অধিকাংশ সদস্য পদত্যাগ করায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।