সারাদেশ
ফরিদপুরে মহিলা লীগ নেত্রীসহ আওয়ামী লীগ নেতা বোমা ফারুক গ্রেফতার
ফরিদপুরে বোমা ফারুক খ্যাত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেনকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার আব্দুল জলিল ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনের নিজস্ব ফ্ল্যাট থেকে ফারুক হোসেন ও নাসরিন আক্তারকে আটক করা হয়।
পুলিশ সুপারের বরাত দিয়ে বলা হয়েছে, ফারুক হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। তিনি মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত। জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী তাকে লকডাউন কার্যক্রম সফল করার জন্য ৫ লাখ টাকা দিয়েছেন।
ফারুক হোসেনের বিরুদ্ধে বর্তমানে বিস্ফোরকদ্রব্য আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ফারুক হোসেনের বাম হাতের মধ্যমা আঙুল বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ‘বোমা ফারুক’ নামে পরিচিত। গত অক্টোবর মাসে তিনি ফেসবুকে নিজেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করেছিলেন।