সারাদেশ

আসন বাতিলের প্রতিবাদে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

আসন বাতিলের প্রতিবাদে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত মানুষ হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় জড়ো হন। তারা “গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে” স্লোগান দিতে থাকেন এবং গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের মধ্যে নারী-পুরুষ উভয়ের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না।”

অন্যদিকে, একই দাবিতে ‘গাজীপুর-৬ আসন রক্ষা কমিটি’র ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরাও এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারা আসনটি বহাল রাখার দাবি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে র‍্যাবের টহলও জোরদার করা হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলতে থাকায় টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে যানজটে আটকে পড়েন যাত্রী ও কর্মজীবী মানুষ।

প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গী থানার পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

প্রশাসনের এক কর্মকর্তা জানান, “আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমরা চাই, জনগণের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক থাকুক।”