সারাদেশ
গাজীপুরে নাশকতার চেষ্টা: ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গাজীপুরে নাশকতার পরিকল্পনার সময় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। টহলের সময় সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় আজিমের মাছের খামারের সামনে তিন যুবককে সন্দেহজনক আচরণ করতে দেখে পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তাররা হলেন- জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকার আবুল কাশেমের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), একই এলাকার বাবুল হোসেনের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং একই এলাকার মোতালেব শেখের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহম্মেদ (৩২)।
ওসি তৌহিদ আহমেদ বলেন, “তারা পেট্রল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম ও দাহ্য পদার্থ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন সক্রিয় কর্মী নজরদারিতে রয়েছে। গ্রেপ্তার তিনজনের রাজনৈতিক সংযোগ ও উদ্দেশ্য সম্পর্কেও তদন্ত চলছে।