সারাদেশ

নিকলীতে নদীর ঘাটে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন, দুই নৌকার ক্ষতি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

নিকলীতে নদীর ঘাটে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন, দুই নৌকার ক্ষতি
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণভাবে পুড়িয়ে যায় নৌকাটি। পাশাপাশি আগুনের আঁচে পাশে থাকা আরেকটি নৌকার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিকলী উপজেলার মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা নৌকায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে নৌকাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের তাপে মালিকের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। নৌকার মালিকদের দাবি, দুইটি নৌকা মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”

ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।