সারাদেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২১ এএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার সময় বাড়ির দরজা–জানালা, আসবাবপত্র, শোকেসসহ ভেতরের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। তবে ঘটনার সময় বাড়ির কেউ উপস্থিত না থাকায় কোনো আহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণায় সন্তোষ প্রকাশ করে মিঠামইন উপজেলা বিএনপি রাতে একটি আনন্দ মিছিল বের করে। প্রায় ৬০–৭০ জন নেতাকর্মীর অংশ নেওয়া মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল।

মিছিলের একপর্যায়ে ২০–২৫ জন হঠাৎ মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে আক্রমণ চালায়। তারা মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, ছবি, সজ্জাসামগ্রীসহ নানা মালামাল নষ্ট করে। একই সময়ে উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়ির দিকে পাথর ছোড়া হয়, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওসি আলমগীর কবির জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনা টহল বাড়ানো হয়েছে। কিছু সময় উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।