সারাদেশ

গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে একাধিক দুর্বৃত্ত পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনায় কেউ আহত হয়নি, তবে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়, ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়।

পুলিশের একটি প্রেস নোটে জানানো হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা দুটি হাতে বানানো পটকা সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ এখন ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে।