সারাদেশ

ভাঙ্গা–খুলনা মহাসড়কে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

ভাঙ্গা–খুলনা মহাসড়কে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি, তবে তা শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।