সারাদেশ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি–নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান শিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।

মুকসুদপুর–কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে একটি বেড়া দেওয়া ছিল। ওই বেড়ার তারে বিদ্যুৎ লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নাতিকে বাঁচাতে ছুটে যান তার দাদি রাহেলা বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন প্রতিবেশী ইরান শিকদার। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একসঙ্গে তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।