সারাদেশ

মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে সশস্ত্র সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে সশস্ত্র সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (রাত ১০টার দিকে) উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- হারুন খাঁ, আব্দুল মান্নান খাঁ ও মহসিন মিয়া। এ সময় মান্নান খাঁর বাড়ি থেকে একটি ওয়াকিটকি সেটও জব্দ করা হয়। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁর নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খাঁর অনুসারীরা মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

অভিযোগ রয়েছে, তারাবির নামাজ শেষে রাতে মান্নান খাঁ, হারুন খাঁ ও আমিন খাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা চালালে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন—মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যাসহ আরও কয়েকজন। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত মিজানুর রহমানের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আটক করা হয়েছে এবং একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।