সারাদেশ
রূপগঞ্জে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে একই দিন ভোরে ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান এবং একই এলাকার আব্বাস মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগীর ঘরে ঢুকে প্রথমে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।
পরবর্তীতে স্বামীর গলায় ছুরি ধরে এক ব্যক্তি এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্তরা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলেও জানা গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।