সারাদেশ
টাঙ্গাইলে দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
টাঙ্গাইলের গোপালপুরে পুরোনো বিরোধ ও দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা গ্রাম এবং ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
নিহত কালাম তালুকদার জগৎপুরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ২২ এপ্রিল দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়।
স্থানীয়দের অভিযোগ, বিকালে গুলিপেঁচা গ্রামের আব্দুল আলিম ফকির (৫০) নিজ বাড়ির পাশে কৃষিকাজ করার সময় প্রতিপক্ষ গ্রামের কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনার পরই দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ধাওয়া–পাল্টাধাওয়া, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালাম তালুকদার। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সন্ধ্যায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে। এতে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভূঞাপুর থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন জানিয়েছেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে।