সারাদেশ

বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:১২ পিএম

বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবার মৃত্যুর খবর জানাতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক শাহজাহান (৬০) ও তার ছেলে রাজমিস্ত্রী উজ্জল (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান দীর্ঘদিন ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। পরিবারের সদস্যরা আলাদা থাকায় তিনি বেশিরভাগ সময় অসুস্থ অবস্থায়ই দিন কাটাতেন। তার মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকেন, এক ছেলে প্রবাসে এবং উজ্জল দেশে ফিরে একাই বসবাস করছিলেন।

বুধবার (৪ জুন) মাগরিবের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাহজাহানকে তার জামাতা জামাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

পরে শ্বশুরের মরদেহ বাড়িতে এনে ছেলে উজ্জলকে খবর দিতে তার ঘরের সামনে যান জামাল হোসেন। এ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার অংশ খুলতেই ভেতর থেকে দুর্গন্ধ বের হয়। পরে জানালার পর্দা সরিয়ে তিনি উজ্জলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

জামাল হোসেন জানান, শ্বশুরের মৃত্যুর খবর দিতে গিয়ে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখতে হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি।

স্থানীয়রা জানান, পরিবারটিতে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল। এছাড়া উজ্জল কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।