সারাদেশ
ঈদের ছুটি শেষে একসঙ্গে চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক, সাভারে বিক্ষোভ
ঈদের ছুটি শেষে সাভারের আল-মুসলিম গ্রুপের তিনটি পোশাক কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে উলাইল এলাকার একটি কারখানা থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার আরেকটি কারখানা থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার একটি কারখানা থেকে ৫৩ জন শ্রমিক চাকরি হারিয়েছেন।
শনিবার (৬ জুন) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কারখানায় এসে অনেক শ্রমিক নিজেদের ছাঁটাইয়ের খবর জানতে পারেন। এ সময় রেডিও কলোনি ও উলাইল এলাকার কারখানার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সকালে কারখানায় প্রবেশ করতে না পেরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রয়াদেশ কমে যাওয়ায় উৎপাদন সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে শ্রম আইন মেনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ছাঁটাই হওয়া শ্রমিকদের সব ধরনের পাওনা ও সুবিধা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করা হয়।
তবে শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। উলাইল এলাকার এক শ্রমিক জানান, ঈদের আগে আংশিক বেতন দিয়ে ছুটি দেওয়া হলেও ফিরে এসে জানতে পারেন তার চাকরি নেই।
আরেক শ্রমিক বলেন, কয়েক বছর কাজ করার পরও হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই চাকরি হারাতে হয়েছে। এমনকি মোবাইলে বার্তা পাঠানোর কথা বলা হলেও কোনো বার্তা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
শ্রমিক নেতাদের মতে, আইন অনুযায়ী ছাঁটাই করা গেলেও পুনঃনিয়োগের বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এতে শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ব্যবসায়িক মন্দা ও কাজের অভাবে শ্রম আইনের বিধান মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতারা মনে করছেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত ছিল।