সারাদেশ

শ্রীপুরের সাবেক মেয়রের মৃত্যুতে শোকের ছায়া, খবর শুনেই প্রাণ গেল ছোট বোনের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:২২ পিএম

শ্রীপুরের সাবেক মেয়রের মৃত্যুতে শোকের ছায়া, খবর শুনেই প্রাণ গেল ছোট বোনের
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শোনার পর শোকাহত হয়ে ছোট বোন রাশিদা বেগমও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

রবিবার (৭ জুন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একাধিকবার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং শ্রীপুর কলেজের সাবেক ভিপি হিসেবেও পরিচিত ছিলেন।

তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। এ খবর জানার পর ছোট বোন রাশিদা বেগম শোকাহত হয়ে হৃদরোগে আক্রান্ত হন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আগামীকাল (৮ জুন) বেলা ১১টায় তাদের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।