সারাদেশ

টাঙ্গাইলে মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর...


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

টাঙ্গাইলে মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর...
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গভীর রাতে এক নারীর বাড়িতে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা সফিক সিকদারকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সফিক সিকদার একই ইউনিয়নের কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে এবং তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনালিয়া গ্রামের সামান মিয়ার মেয়ে সাবিনা আক্তারের বিয়ে একই এলাকায় হয়েছিল। তবে কয়েক মাস পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। প্রায় তিন বছর আগে তিনি সৌদি আরবে যান এবং কয়েক মাস আগে দেশে ফেরেন। এর মধ্যে দুই সন্তানের জনক সফিক সিকদারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

সোমবার রাতে সফিক ওই নারীর বাড়িতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা স্থানীয় লোকজন বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িটি ঘেরাও করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হন।

খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও উপস্থিত হন। পরে উভয় পক্ষের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, উভয়ের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাত ২টার দিকে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলায় তারা ফিরে আসেন।