সারাদেশ
নারায়ণগঞ্জে নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি
নারায়ণগঞ্জে ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানিয়েছে, মো. সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর বাবা আশরাফ শেখ ও মা লিলি বেগম।
মো. সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি রাষ্ট্রীয় পদক লাভ করেন।