সারাদেশ
নিখোঁজের ১৪ দিন পর সাভার থেকে উদ্ধার হলো সেই দুই মাদ্রাসা ছাত্রী
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীকে ঢাকার সাভার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার বোরাইল এলাকার অনিকা আক্তার (১৬) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশতড় এলাকার মাহমুদা আক্তার মীম (১৬)। তারা সাটুরিয়া জামিয়া জয়নব বিনতে জাহাশ (রাঃ) সৈয়দ গুলজান বেগম মহিলা মাদ্রাসার হেফজ ও মাওলানা বিভাগের আবাসিক ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই দুপুরে পরিচয় গোপন রেখে কৌশলে মাদ্রাসা থেকে বের হয়ে যায় ওই দুই শিক্ষার্থী। এরপর দীর্ঘ সময় তারা মাদ্রাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ৯ জুলাই সাটুরিয়া থানায় তাদের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন স্বজনরা।
ঘটনার পরপরই পুলিশ অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে সাভারের একটি ভাড়াবাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জিডি দায়েরের পর থেকেই পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।