সারাদেশ

মাদারীপুরে দুই লাখ টাকার মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন স্পেন সমর্থকদের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

মাদারীপুরে দুই লাখ টাকার মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন স্পেন সমর্থকদের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে স্পেনের ফাইনাল নিশ্চিত হওয়াকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর এলাকায় বইছে উৎসবের আমেজ। প্রবাসী ও স্থানীয় সমর্থকদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ভূরিভোজ ও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের শুরু থেকেই কাদিরপুরের স্পেন সমর্থকরা এলাকায় বড় বড় পতাকা টাঙিয়ে নিজেদের সমর্থন প্রকাশ করে আসছিলেন। প্রিয় দল ফাইনালে ওঠার পর সেই আনন্দকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে বিশেষ এই উদ্যোগ।

স্পেনপ্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডাপ্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের অর্থায়ন ও তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়া থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকায় একটি মহিষ কেনা হয়। আয়োজকদের দাবি, মহিষটি থেকে প্রায় ছয় মণ মাংস পাওয়া গেছে, যা দিয়ে এলাকার মানুষ ও অতিথিদের জন্য রাতভর ভোজের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সমর্থকরা জানান, ফাইনাল ম্যাচ ঘিরে কাদিরপুর বাজারে বড় পর্দায় খেলা উপভোগের পাশাপাশি এই ভূরিভোজ আয়োজন করা হয়েছে। তাদের আশা, স্পেন শিরোপা জিতলে এই আনন্দ আরও বাড়বে।

আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, প্রবাসী ও স্থানীয় সমর্থকদের সম্মিলিত সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে। তিনি আরও জানান, শুধু স্পেন নয়—আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্য দলের সমর্থকদেরও এই ভোজে আমন্ত্রণ জানানো হয়েছে, যেন সবাই একসঙ্গে ফাইনালের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তাদের প্রত্যাশা, ফাইনালে জয় পেয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হবে।