সারাদেশ
চলন্ত ফেরি থেকে মাঝ নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী জীবিত উদ্ধার
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া মোসা. লাইজু (৩৯) নামের এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই) রাতে নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, কচুরিপানার সঙ্গে ভেসে আসা এক নারীকে নদীতে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত উদ্যোগ নিয়ে তাকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে রাখা হয়। উদ্ধারের সময় তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল।
উদ্ধার হওয়া নারীর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মোসা. লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার মায়ের নাম মোসা. মোর্শেদা বেগম।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়াগামী বিআইডব্লিউটিসির ‘কুমিল্লা’ নামের ফেরিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝপদ্মায় পৌঁছানোর পর ফেরির পেছনের অংশ থেকে হঠাৎ ওই নারী নদীতে ঝাঁপ দেন।
ঘটনাটি দেখে যাত্রীরা চিৎকার শুরু করলে ফেরির মাস্টার দ্রুত ফেরিটি থামিয়ে ঘুরিয়ে নেন। এরপর নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।
কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তপন জানান, ওই নারীকে জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করতে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।