সারাদেশ
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের পর ধর্ষণের অভিযোগ, হাসপাতালে মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নির্যাতন ও ধর্ষণের শিকার এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ শুক্রবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে ওই গৃহবধূ তার ছোট ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এ সময় প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে মারধর করেন এবং একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান।
পরদিন সকালে গাজীপুরের কালিয়াকৈর থেকে বড় ছেলে এসে মায়ের অবস্থা দেখতে পেয়ে তাকে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ভুক্তভোগী নিজেই তার ওপর চালানো নির্যাতন ও ধর্ষণের বর্ণনা দেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়ে।
এদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামী শুক্রবার মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। তিনি বাদী হয়ে অভিযুক্ত আরিফকে একমাত্র আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার মরদেহ গাজীপুরের কালিয়াকৈরে বাবার বাড়িতে দাফন করা হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।