সারাদেশ
সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিস সদস্যসহ আহত ৫
ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এ সময় ঘন ঘন বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত রঙ মিশানোর কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার পরপরই স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কারখানার সংশ্লিষ্টদের ধারণা, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি।
আগুন নেভানোর সময় কেমিক্যাল গুদামে থাকা দাহ্য পদার্থের কারণে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য- শামীম, উজ্জ্বল, ওমর ফারুক ও মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা মশিউর রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করা হয় এবং সকাল পর্যন্ত টানা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।