সারাদেশ
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরের সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার রাতে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস।
কার্যালয় আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ২৬ জুলাই থেকে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে নিজের কার্যালয়ে বসে টাকা গুনে নিচ্ছেন ওই কর্মকর্তা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও তাকে মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের অর্থ নয়; বরং তিনি আগে ধার দেওয়া টাকা ফেরত নিচ্ছিলেন। তবে যিনি ওই অর্থ ফেরত দিয়েছেন, তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দায়িত্বে অনুপস্থিত থাকার কারণে ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন অভিযুক্ত ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।