সারাদেশ
সৎ মাকে হত্যার পর জেল থেকে বের হয়ে আপন মাকেও হত্যা
ফরিদপুর শহরে নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত রাহিম শেখ (৩০)কে ঘটনার প্রায় ৯ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গিতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
স্থানীয়দের অভিযোগ, নেশার টাকার দাবিতে রাহিম শেখ ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শুকান্ত দত্ত জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার ও মোমবাতিসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের মাথায় ভারী ও ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
এদিকে এলাকাবাসীর দাবি, প্রায় এক দশক আগে রাহিম শেখ তার সৎ মাকেও কুপিয়ে হত্যা করেছিলেন। ওই মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পরও মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।