সারাদেশ
ছুটির মধ্যে আশুলিয়ায় এক পোশাক কারখানার ৫৬৫ শ্রমিক ছাঁটাই
সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা থেকে একসঙ্গে ৫৬৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। ছুটির মধ্যেই এমন সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কারখানার নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টাঙিয়ে ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৮ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ জানায়, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তার অভাব এবং কার্যাদেশ কমে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে কারখানার টিকে থাকার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই করা হয়েছে।
তবে ছাঁটাই হওয়া শ্রমিকদের জন্য আইন অনুযায়ী পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। পাশাপাশি শ্রম আইনের ২১ ধারা অনুসারে আগামী এক বছরের মধ্যে পুনরায় শ্রমিক নিয়োগ দেওয়া হলে ছাঁটাইকৃতদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।
ছুটির দিনে খুদে বার্তার মাধ্যমে ছাঁটাইয়ের খবর পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। হঠাৎ চাকরি হারিয়ে তারা এখন নতুন কাজ খোঁজার দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি কারখানায় একই ধরনের ঘটনা ঘটেছে। নতুন করে নিয়োগ কমে যাওয়ায় এত শ্রমিকের জন্য বিকল্প কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে পড়বে।
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দার কথা বলে ছুটির মধ্যে হঠাৎ এত শ্রমিক ছাঁটাই করা অমানবিক। তিনি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানান।
এ বিষয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাইম আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফাইজুল ইসলাম জানান, সাধারণত নির্ধারিত নিয়ম অনুযায়ী ছাঁটাই প্রক্রিয়া পরিচালিত হয়। তবে নির্দিষ্ট এই কারখানার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।