সারাদেশ

তৃতীয় স্ত্রীও চলে যাওয়ায় শরীরে আগুন, হাসপাতালে যুবকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম

তৃতীয় স্ত্রীও চলে যাওয়ায় শরীরে আগুন, হাসপাতালে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া আল-সাদী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল-সাদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল-সাদীর আগে আরও দুটি বিয়ে হয়েছিল। দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে যান। পরে তৃতীয় বিয়ে করলেও সেই স্ত্রীও চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

গত ১৭ আগস্ট বিকেল ৫টার দিকে বাড়ির কিছুটা দূরে একটি রাস্তায় গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আল-সাদী। পরে স্থানীয়রা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, আল-সাদী নিজের শরীরে আগুন দিয়ে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।