সারাদেশ

রোগীবাহী মাইক্রোবাসে আগুন, চালকের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচলেন ৫ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

রোগীবাহী মাইক্রোবাসে আগুন, চালকের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচলেন ৫ জন
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বসন্তপুর নিমতলা রেলগেট এলাকায় সিজারিয়ান রোগীবাহী একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপে গাড়িতে থাকা রোগীসহ পাঁচ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পান মাইক্রোবাসের চালক। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত গাড়িটি থামিয়ে দেন এবং ভেতরে থাকা রোগীসহ সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনেন। এর কিছুক্ষণ পরই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. সুরুজ হোসেন জানান, বসন্তপুর নিমতলা রেলগেট এলাকায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি ঘটনাস্থলে এগিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।