সারাদেশ
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, বাস উল্টে আহত শিশুসহ ১০
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে থাকা কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসটি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ওঠার সময় চালক সামনে থাকা আরেকটি বাসকে পাশ কাটানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারান।
এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং রেলিংয়েরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের সাত বছর বয়সী ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দ্রুতগতিতে সামনে থাকা একটি বাসকে পাশ কাটানোর সময় দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে স্লিপ করে রেলিংয়ে আঘাত করে। পরে বাসটি পেছনের দিকে সরে গিয়ে সড়কের ওপর উল্টে যায়।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের নিরাপত্তা টহলগাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় বাসটির অতিরিক্ত গতিতে চলার বিষয়টি দেখা গেছে। একই সময়ে বৃষ্টি থাকায় সড়ক পিচ্ছিল হয়ে বাসটি স্লিপ করে থাকতে পারে বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর পদ্মা সেতুর ক্ষতিগ্রস্ত রেলিং সংস্কারের কাজ শুরু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।