সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ মোট সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন পথচারীও রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাঁ নদীর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মঠেরবাজার এলাকায় পুলিশের গাড়িটি যাওয়ার সময় হঠাৎ এক শিশুকে সড়ক পার হতে দেখা যায়। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এতে গাড়িতে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত হন। আহত হন চার পুলিশ সদস্যসহ আরও তিনজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পথচারী একটি শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন পুলিশ কনস্টেবল নিহত এবং চার পুলিশ সদস্যসহ মোট সাতজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, পুলিশের গাড়িটির সঙ্গে অন্য কোনো যানবাহনের সংঘর্ষ হয়েছিল কি না, কিংবা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।