সারাদেশ
স্বামীর সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে হারপিক পান, মা-মেয়ের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে হারপিক পান করেছেন উর্মি নামে ২২ বছর বয়সী এক নারী। এতে উর্মি ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মিমের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আড়াই বছর বয়সী ছেলে আবির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
পুলিশ জানায়, বুধবার দুপুর সোয়া একটার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক বিষয় নিয়ে উর্মির সঙ্গে তার স্বামী মিলন মিয়ার ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে মিলন তাকে জুতা দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এর পর উর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান।
পরে আনন্দী এলাকায় গিয়ে উর্মি নিজে হারপিক পান করেন এবং দুই সন্তানকেও তা পান করান। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন।
উর্মি তার স্বামী মিলন মিয়া ও দুই সন্তানকে নিয়ে মাধবদীর বসুন্ধরা এলাকার কান্দাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। মিলন পেশায় গাড়িচালক।
এ ঘটনায় উর্মির মা নার্গিস বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেছেন। পুলিশ বুধবার রাতে মিলন মিয়াকে আটক করে। শুক্রবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।