সারাদেশ
গাজীপুরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।