সারাদেশ
স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুইজনের নামে মামলা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে তাদের পাওয়া যায়নি।
মামলার আসামিরা হলেন সিলেট কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই গার্মেন্টস কর্মীর স্বামীকে ডেকে একটি কক্ষে আটকে রাখেন ফারুক। পরে ফারুক ও নয়ন ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই যুবকও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।