সারাদেশ

দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী
দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী। ছবি: ঢাকাপ্রকাশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিএনপি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, যিনি স্বপন ফকির নামেও পরিচিত।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার ১৯ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিষয়টি তদারকি করছেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, খন্দকার আব্দুল মোতালিবসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।