সারাদেশ
‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। প্রেমিক আসিফ মাহমুদের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ৮টা থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামে প্রেমিক আসিফ মাহমুদের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।
জানা গেছে, ওই তরুণী সিরাজগঞ্জের খোকসাবাড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, আসিফ মাহমুদ একই গ্রামের আবু হাশেমের ছেলে। তাদের মধ্যে খালাতো ভাইবোনের সম্পর্ক রয়েছে। তবে ঘটনার পর থেকে আসিফের খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে যান ওই তরুণী। পরে আসিফের ঘরে প্রবেশ করেও তাকে না পেয়ে বাড়ির উঠানে অবস্থান নেন তিনি।
তরুণীর অভিযোগ, আসিফের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। বর্তমানে বিয়ের দাবি জানালেও আসিফ তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
ওই তরুণী বলেন, ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা।’
আসিফের বাবা আবু হাশেম বলেন, ‘আসিফের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের বিষয়টি জানতে পেরেছি। পরে ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে।’
এদিকে, অভিযুক্ত আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’