সারাদেশ

আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকি সময় ইবাদতে কাটাতে চান জানে আলম মিয়া


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকি সময় ইবাদতে কাটাতে চান জানে আলম মিয়া
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া, যিনি বিরু নামে পরিচিত।

শুক্রবার ২৩ অক্টোবর রাতে এক লিখিত বিবৃতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

জানে আলম মিয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ হিসেবে বয়সজনিত শারীরিক জটিলতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এসব কারণে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে জানে আলম মিয়া জানান, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদপদবি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন তিনি।

তিনি আরও জানান, পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তার।

জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত এবং পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান বলে বিবৃতিতে উল্লেখ করেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান।