সারাদেশ
গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা
গোপালগঞ্জের সদর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন। হামলার সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে একদল লোক পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাদের অকথ্য ভাষায় গালাগাল করতেও দেখা যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মিছিল নিয়ে এসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।
হামলায় পুলিশের উপপরিদর্শক মো. ফুল মিয়াসহ দুজন আহত হন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।