সারাদেশ

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই খুলনা-যশোর-ঢাকা রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, মোংলা বন্দরের দিক থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই রুটে আপাতত কোনও ট্রেন চলতে পারছে না। তিনি বলেন, “উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।”

এদিকে দুর্ঘটনার কারণে স্টেশনে এবং ট্রেনগুলোতে আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী বিকল্প যানবাহনের খোঁজে ছুটছেন। কেউ বাস, কেউ ভাড়ায় চালিত গাড়িতে গন্তব্যের পথে রওনা হচ্ছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, “উথলীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ আপাতত বন্ধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেই কাজ শুরু হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে।